উত্তর আমেরিকা

ইরানের হামলার আশঙ্কায় মার্কিন সেনাদের মোবাইল ট্র্যাকার বন্ধ

মার্কিন সেনা

ওয়াশিংটন, ৭ সেপ্টেম্বর – ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মোবাইল ফোন ও কম্পিউটারে থাকা অ্যাড ট্র্যাকার বা মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি (এমএআইডি) নিষ্ক্রিয় করা হয়েছে। মার্কিন সিনেটর রন ওয়াইডেনের একটি চিঠির মাধ্যমে এই তথ্য জনসমক্ষে আসে।

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করতে ইরান বাণিজ্যিকভাবে লভ্য লোকেশন ডেটা ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটেই এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যাড ট্র্যাকার এমন একটি ডিজিটাল প্রযুক্তি যা ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থান, ইন্টারনেট ব্রাউজিংয়ের তথ্য এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে।

সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শনের জন্য এই তথ্য ব্যবহৃত হয়। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা মনে করছেন, এই তথ্য ইরানের মতো প্রতিপক্ষ দেশের হাতে পড়লে তা বড় ধরনের নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে।

সিনেটর ওয়াইডেনকে দেওয়া তথ্যে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে যে প্রায় দুই মাস আগেই তাদের সব ডিভাইস থেকে এই ট্র্যাকার বন্ধ করা হয়েছে। স্পেশাল অপারেশনস কমান্ডও তাদের উইন্ডোজ চালিত কম্পিউটারে একই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে যে তারা চলতি বছরের শুরু থেকেই মোবাইল ফোনে বিজ্ঞাপন ট্র্যাকার নিষ্ক্রিয় করে রেখেছে।

সেনাবাহিনীর একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে উইন্ডোজ কম্পিউটারে এই ট্র্যাকার ২০২১ সাল থেকেই বন্ধ ছিল এবং পর্যায়ক্রমে সব স্মার্টফোনে এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন এবং নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান পেন্টাগনের কাছে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তারা খতিয়ে দেখতে চান যে সামরিক বাহিনীর সদস্যদের তথ্য কেনাবেচার ঝুঁকিগুলো যথাযথভাবে মোকাবিলা করা হচ্ছে কি না।

এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Back to top button