জাতীয়

রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, ৫ দিনে ৪৩ কোটি ডলার রেমিট্যান্স

রেমিট্যান্স

ঢাকা, ৭ সেপ্টেম্বর – দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ বেড়ে বর্তমানে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে।

রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি প্রবাস আয় বা রেমিট্যান্সের ক্ষেত্রেও সুখবর পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনেই দেশে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৩৬১ কোটি টাকারও বেশি। এই প্রবাহ দেশের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬

Back to top button