উত্তর আমেরিকা

রবার্ট কিয়োসাকির ঋণ ১৪ হাজার কোটি টাকা: বইয়ের দর্শনের সঙ্গে বাস্তবতার সংঘাত

রবার্ট কিয়োসাকি

ওয়াশিংটন, ৫ সেপ্টেম্বর – একসময় তার লেখা বই পড়ে অগণিত তরুণ স্বপ্ন দেখেছিলেন দ্রুত ধনী হওয়ার। রবার্ট কিয়োসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পুওর ড্যাড বিশ্বজুড়ে পাঠকদের শিখিয়েছিল কীভাবে টাকাকে খাটিয়ে সম্পদ বাড়ানো যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জনপ্রিয় লেখক নিজেই খবরের শিরোনাম হয়েছেন তার বিপুল পরিমাণ ঋণের কারণে।

রবার্ট কিয়োসাকি জানিয়েছেন যে তার ঋণের পরিমাণ বর্তমানে ১২০ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকারও বেশি।

৭৯ বছর বয়সী এই জাপানি আমেরিকান লেখক বেশ কয়েকটি পডকাস্ট সাক্ষাৎকারে নিজের এই ঋণের কথা প্রকাশ্যে আনেন। তবে কিয়োসাকি স্পষ্ট করেছেন যে এই বিপুল পরিমাণ অর্থ কেবল তার ব্যক্তিগত দায় নয়।

তার প্রাক্তন স্ত্রী এবং দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার কিম কিয়োসাকি এক সাক্ষাৎকারে জানান যে এই ঋণের একটি বড় অংশ প্রায় দেড় হাজার অ্যাপার্টমেন্টে বিনিয়োগের সাথে যুক্ত। এই প্রকল্পগুলোতে কিয়োসাকির পাশাপাশি আরও অনেক অংশীদার রয়েছেন।

বিভিন্ন আর্থিক সংস্থার বিশ্লেষণ অনুযায়ী কিয়োসাকির ব্যক্তিগত ঋণের পরিমাণ ৩ কোটি থেকে ৬ কোটি ডলারের মধ্যে হতে পারে। কিয়োসাকির এই ঋণের খবর বিশেষ করে চীনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

১৯৯৭ সালে প্রকাশিত তার বইটি সেখানে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং অনেক পাঠক এটি অনুসরণ করে আবাসন খাতে বিনিয়োগ করেছিলেন। বর্তমানে চীনের আবাসন বাজারে মন্দা দেখা দেওয়ায় অনেক বিনিয়োগকারী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়োসাকির সেই পুরোনো বিনিয়োগ তত্ত্ব নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছেন।

তবে কিয়োসাকির দর্শনের মূল ভিত্তি হলো সব ঋণ ক্ষতিকর নয়। তিনি মনে করেন যেসব ঋণ সম্পদ তৈরি করে এবং নিয়মিত আয়ের পথ প্রশস্ত করে তা ইতিবাচক। আবাসন খাতের এই বিনিয়োগ কৌশলকে তিনি সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবেই দেখেন। তবে উচ্চ সুদের হার এবং সম্পত্তির মূল্য কমে যাওয়ার মতো ঝুঁকিগুলো এই কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এনএন/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Back to top button