জাতীয়

নিজেদের সংখ্যালঘু নয়, সমান অধিকারের নাগরিক ভাবুন: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ৪ সেপ্টেম্বর – সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয় বরং বাংলাদেশের সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মানুষের ধর্মীয় পরিচয় থাকতে পারে তবে জাতীয়তা হিসেবে সবাই এ দেশের নাগরিক। ধর্মীয় স্বাধীনতা, সহাবস্থান এবং সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

শুক্রবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ অন্যরা।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সব ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান ও স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এটি দৃশ্যমান। অতীতে যারা মনে করত নির্দিষ্ট কোনো গোষ্ঠী কারো ভোট ব্যাংক, সেই ভ্রান্ত ধারণা এখন আর নেই। তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।

বাংলাদেশের সংবিধানে সব ধর্মের চর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সরকার শুধু সংবিধানেই নয়, বাস্তবেও এই সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করতে চায়।

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, মানুষের ধর্মীয় পরিচয় মুখ্য নয়, সবাই নাগরিকের পরিচয়ে বসবাস করবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা নৃগোষ্ঠী যারাই হোক না কেন, তারা যার যার ধর্ম পালন করবে। কিন্তু জাতীয়তা হিসেবে সবাই বাংলাদেশি।

তিনি আহ্বান জানান যেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দের পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি শব্দগুলো ব্যবহার করেন। সবার আগে বাংলাদেশ এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এনএন/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language