জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

 

ডেঙ্গু

ঢাকা, ৩ সেপ্টেম্বর – সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৫২ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। এছাড়া জানুয়ারিতে দুই জন, ফেব্রুয়ারিতে দুই জন, মে মাসে এক জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গত চব্বিশ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১০১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৫ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে আরও ২২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, বরিশালে ১১৯ জন, চট্টগ্রামে ১৯৪ জন, খুলনায় ২৪৭ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১০৯ জন, রংপুরে ২৭ জন এবং সিলেটে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৬৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button