জন্মাষ্টমীর শোভাযাত্রায় ডিএমপির বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা

ঢাকা, ৩ সেপ্টেম্বর – শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই শোভাযাত্রার রুট হিসেবে ঢাকেশ্বরী মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, নগর ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড় ও নবাবপুর রোড হয়ে রায় সাহেব বাজার মোড় নির্ধারণ করা হয়েছে।
ডিএমপির নির্দেশনায় জানানো হয়েছে যে, শোভাযাত্রার নির্ধারিত পথে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। একই সঙ্গে উচ্চশব্দে মাইক বা সাউন্ড সিস্টেম বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। উৎসবে অংশগ্রহণকারীদের শুরুতেই শোভাযাত্রায় যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে, কারণ মাঝপথে কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।
নিরাপত্তার স্বার্থে বড় ব্যাগ, ট্রলি, দাহ্য পদার্থ, ছুরি বা কাঁচির মতো কোনো ঝুঁকিপূর্ণ বস্তু সঙ্গে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাস্তায় ফলমূল নিক্ষেপ না করার এবং যান চলাচলে বাধা সৃষ্টি না করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন কোনো কিছু দেখলে দ্রুত নিকটস্থ পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
যথাযথ ধর্মীয় মর্যাদা ও শৃঙ্খলা বজায় রেখে উৎসবটি সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি। উপপুলিশ কমিশনার আকতার হোসেন জানান, শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে ডিএমপির নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬







