আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: আন্দালিব রহমান পার্থ

ভোলা, ২ সেপ্টেম্বর – তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। বর্তমানে সরকার গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
বুধবার দুপুরে তিন দিনের সরকারি সফরে নিজ সংসদীয় আসন ভোলা-১ এর নতুনবাজারে এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে দায়িত্ব নিয়েছেন এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে।
ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ভোলা বরিশাল সেতু প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংসদে আলোচনা হয়েছে এবং ডিপিপি অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়া ভোলায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ নির্মাণ, নদী ভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং রাস্তা সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, গত ছয় মাসে এমপি হিসেবে দায়িত্ব পালনের সময় আমার বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির অভিযোগ ওঠেনি। কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই আমার দলে হবে না।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলায় পৌঁছালে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছারসহ বিএনপি ও বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএন/ ২ সেপ্টেম্বর ২০২৬







