ঢালিউড

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান

শাকিব খান

ঢাকা, ২ সেপ্টেম্বর – দুই মাসের দীর্ঘ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গত ২ জুলাই ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছিলেন এই অভিনেতা। দীর্ঘ এই সফর শেষে দেশে ফিরেই এখন তাকে ব্যস্ত হয়ে উঠতে হচ্ছে সিনেমার কাজে।

শাকিব খান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় প্রতি বছর একটি নির্দিষ্ট সময় সেখানে তাকে অবস্থান করতে হয়। এবারের সফরে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি সেই আইনি প্রক্রিয়াও সম্পন্ন করেছেন তিনি।

জানা গেছে আগামী সপ্তাহ থেকেই নতুন সিনেমার কাজে শুটিং সেটে ফিরবেন তিনি। প্রথমে সোলজার নামক একটি সিনেমার বাকি থাকা কয়েকটি দৃশ্যের শুটিং সম্পন্ন করবেন শাকিব খান। এরপরই শুরু করবেন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার কাজ। নতুন এই সিনেমার জন্য সফরের আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর আগামী কয়েক মাস ঢালিউডের এই মেগাস্টারকে বেশ ব্যস্ত সময় পার করতে হবে। দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিতভাবে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এনএন/ ২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button