আইন-আদালত

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলা: হিটু শেখের ডেথ রেফারেন্সের রায় আজ

ঢাকা, ৩১ আগস্ট – মাগুরার চাঞ্চল্যকর আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডিত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করা হবে আজ। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করবেন।

এর আগে গত ২৪ আগস্ট এই মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয় এবং ২৫ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য থাকলেও তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার বিবরণী অনুযায়ী, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। আসামি হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টাও চালান। পরবর্তীতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হয়। গত বছরের ১৭ মে ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি ৪৭ বছর বয়সী হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। তবে মামলার অন্য তিন আসামি সজীব শেখ, তার ছোট ভাই এবং জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হলে যাবতীয় যাচাই বাছাই শেষে পেপারবুক তৈরি করা হয় এবং পরবর্তীতে শুনানি সম্পন্ন হয়।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language