জাতীয়

মন্ত্রিসভায় উঠছে নতুন পে-স্কেলের খসড়া: ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

ঢাকা, ৩০ আগস্ট – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে-স্কেলের খসড়া আগামীকাল সোমবার বিকেলে মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর করার কথা রয়েছে। তবে বিশাল অংকের আর্থিক সংশ্লিষ্টতা থাকায় এই বেতন বৃদ্ধি একবারে না দিয়ে ধাপে ধাপে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সচিব কমিটি দুই অর্থবছর মেয়াদে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। সচিব কমিটির প্রাথমিক প্রস্তাবে চলতি অর্থবছরের জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের জুলাই থেকে ভাতা কার্যকর করার কথা ছিল। তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর হলেও তা ভেঙে ভেঙে প্রদান করা হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই বিষয়ে আলোচনার পর বিকেলের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন পরবর্তী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। তবে সচিব কমিটি এই বৃদ্ধির হার ১০০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে যা অভ্যন্তরীণ সম্পদ এবং ঋণের মাধ্যমে সংস্থান করার পরিকল্পনা করা হচ্ছে।

এনএন/ ৩০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language