মধ্যপ্রাচ্য

শক্তিশালী ইরানের বাস্তবতা ইউরোপকে মেনে নিতে হবে: রাষ্ট্রদূত মাজিদ নিলি

তেহরান, ২৯ আগস্ট – জার্মানিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ নিলি মন্তব্য করেছেন যে ইরানের ক্রমবর্ধমান শক্তিশালী হয়ে ওঠার বাস্তবতাকে ইউরোপের দেশগুলোর স্বীকৃতি দিতে হবে। সম্প্রতি ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মাজিদ নিলি জানান বর্তমান রাজনৈতিক চাপ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তেহরান পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ বজায় রাখতে আগ্রহী।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকির বিপরীতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং জনগণের স্থিতিস্থাপকতা দেশটির দৃঢ় অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। তার মতে রাজনৈতিক চাপ সত্ত্বেও ইরান আলোচনার পথ থেকে সরে আসেনি বরং সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

তবে এক্ষেত্রে ইরানের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তাগত সক্ষমতাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ইউরোপের ভূমিকার সমালোচনা করে নিলি বলেন সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক বিশ্লেষকরা উপলব্ধি করেছেন যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো থেকে ইরানকে বিচ্ছিন্ন রাখা সম্ভব নয়।

দেশটির ভৌগোলিক অবস্থান ও সামরিক শক্তির কারণে আঞ্চলিক যেকোনো বড় সমীকরণে তেহরানকে বিবেচনায় নেওয়া অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন ইরানকে দুর্বল রাষ্ট্র হিসেবে দেখার নীতি থেকে সরে এসে ইউরোপকে বর্তমান বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে।

বর্তমানে ইরান ও পশ্চিমা বিশ্বের সম্পর্কের টানাপোড়েন থাকলেও তেহরান তার কূটনৈতিক দরজা খোলা রাখার বার্তা দিচ্ছে। মাজিদ নিলির এই মন্তব্য মূলত ইউরোপের জন্য একটি নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে যেখানে চাপের বিপরীতে সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language