উত্তর আমেরিকা

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখলেন ট্রাম্প, কানাডার তীব্র প্রতিবাদ

ওয়াশিংটন, ২৮ আগস্ট – কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই আন্তর্জাতিক জলসীমার নাম পরিবর্তন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত বিখ্যাত পঞ্চরদের অন্যতম লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার একটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অফিশিয়াল ভূ-তাত্ত্বিক নথিপত্রে নতুন এই নাম কার্যকর করার জন্য মার্কিন স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পর কানাডা সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, প্রায় চারশ বছরের পুরনো এই নামের একটি ঐতিহাসিক ভিত্তি রয়েছে। কানাডা সব সময় এই জলাশয়কে লেক ওন্টারিও নামেই অভিহিত করবে। এছাড়া কানাডার বেশ কয়েকজন মন্ত্রী ও রাজ্য প্রধান ট্রাম্পের এই পদক্ষেপকে হাস্যকর বলে বর্ণনা করেছেন।

তাদের মতে, কোনো একটি দেশ একক ইচ্ছায় আন্তর্জাতিক জলসীমার ভৌগোলিক নাম পরিবর্তন করতে পারে না। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হয়েছে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও। ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা এই পদক্ষেপকে অপ্রয়োজনীয় ও খামখেয়ালি বলে সমালোচনা করেছেন।

মিশিগানের এক ডেমোক্র্যাট আইনপ্রণেতা এই নির্বাহী আদেশ বাতিলের দাবিতে কংগ্রেসে বিল আনার ঘোষণা দিয়েছেন। এমনকি লেক ওন্টারিও সংলগ্ন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নরও জানিয়েছেন যে তারা এই নতুন নাম গ্রহণ করবেন না।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language