মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে এক শিশুসহ ১৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী

তেল আবিব, ২৩ আগস্ট – অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে এক শিশুসহ ১৩ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযানের সময় দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও কৃষি জমিতে অগ্নিসংযোগ এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, নাবলুসের ওসারিন শহরে একটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি একটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাস্থলে বর্ণবাদী স্লোগান লিখে রাখার তথ্যও পাওয়া গেছে। বেথলেহেমের খালাইল আল-লুজ এলাকায় হামলার সময় ফসলের সেচ পাইপ ধ্বংস করা এবং বহু গাছ কেটে ফেলা হয়েছে।

সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, আল-মিনিয়া গ্রামে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি থেকে জলপাই ও আঙুর গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া বেথলেহেমের আল-রাশাইদেহ গ্রাম থেকে এক শিশুসহ দুইজনকে এবং কুলকিলিয়া ও তুলকারেম থেকে আরও ১১ জনকে আটক করা হয়েছে।

রামাল্লাহর আল-মুগাইয়ির গ্রামের প্রবেশপথ বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের যাতায়াতে বাধা সৃষ্টি করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক তৎপরতা ও সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মহল চলমান এই উত্তেজনা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language