মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

রিয়াদ, ২৩ আগস্ট – সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৯০০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৯৮২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৩১৮ জনকে গ্রেফতার করা হয়। এই সময়ের মধ্যে মোট ১৩ হাজার ৭২৪ জন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ১৮ হাজার ৮০৮ জনকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দূতাবাসে এবং ৫ হাজার ৩১৮ জনকে টিকিট বুকিং সম্পন্ন করতে পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৫২৪ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

তাদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনের, ৬৩ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি দেশ ছাড়ার চেষ্টার সময় আটক করা হয়েছে ৩৮ জনকে। অবৈধ অভিবাসীদের আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে সৌদিতে ৩১ হাজার ৯২২ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, অবৈধ প্রবেশে সহায়তা বা আশ্রয় প্রদানকারীদের ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন বা ভবন বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language