কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে

ঢাকা, ২২ আগস্ট – কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ আজ শনিবার দেশে আনা হচ্ছে। এর মধ্যে একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা এবং বাকি পাঁচজনের মরদেহ যশোরের বেনাপোল স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছাবে।
শনিবার সকালে কলকাতার পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সাতক্ষীরার বাসিন্দা এস এম আলিমুজ্জামানের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা হয়। স্থানীয় সময় সকাল ৬টার পর কলকাতা ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি বেলা ১০টার দিকে ভোমরা সীমান্তে পৌঁছানোর কথা।
অন্যদিকে, বাকি পাঁচজনের মরদেহ নিয়ে অন্য একটি অ্যাম্বুলেন্স সকাল ১০টার দিকে কলকাতার পিস ওয়ার্ল্ড থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছর বয়সী সন্তান শর্ণশীষ দত্ত, শ্বশুর মো. আকরাম আলী এবং সাভারের আহামেদ বাবু।
তবে অগ্নিকাণ্ডে নিহত অন্য বাংলাদেশি নাগরিক রেবতী সরকারের মরদেহ শুক্রবার গভীর রাতে কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে নিউমার্কেট এলাকার শিখা ইন নামের ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিকসহ মোট নয়জন প্রাণ হারান।
নিহত ভারতীয় নাগরিকরা হলেন ঝাড়খণ্ডের সন্দীপ পাশওয়ান ও শিলিগুড়ির যোগ নারায়ণ আগরওয়াল। এদিকে দুর্ঘটনার পর থেকে হোটেল মালিক বীরেশ্বর মিত্র পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও এখনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতার বিভিন্ন আবাসিক হোটেল ও লজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে এবং এরই মধ্যে প্রায় ৫০টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এস এম/ ২২ আগস্ট ২০২৬









