দক্ষিণ আমেরিকা

পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, ৭.২ মাত্রায় কেঁপে উঠল বিভিন্ন শহর

লিমা, ২১ আগস্ট – দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে আয়াকুচো অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। শক্তিশালী এই কম্পনের ফলে রাজধানী লিমাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহরের প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে। ভূ-গর্ভে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার। শক্তিশালী কম্পন সত্ত্বেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূ-বিজ্ঞানীদের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল তুলনামূলকভাবে গভীরে হওয়ায় এর শক্তির বড় একটি অংশ ভূগর্ভেই শোষিত হয়েছে। এর ফলে ভূপৃষ্ঠে কম্পনের প্রভাব ছিল কম। সাম্প্রতিক সময়ে পেরুর উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় সতর্কতা জারি করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনগণকে জরুরি পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়ার পরিকল্পনা ঠিক রাখা এবং প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে পেরুতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ জন মানুষ নিহত হয়েছিলেন।

এস এম/ ২১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language