মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: এবার কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে ইরানের ড্রোন হামলা!

বাগদাদ, ১৮ আগস্ট – ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় একটি ড্রোন প্রধানমন্ত্রীর দপ্তরে এবং অন্য একটি ড্রোন কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাসভবনে আছড়ে পড়ে। তবে কুর্তিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর নিশ্চিত করেছে যে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সংঘাত শুরুর পর কুর্দিস্তান অঞ্চলকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কুর্দি যোদ্ধারা মার্কিন ও ইসরায়েলিদের পক্ষ হয়ে ইরানে স্থল হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইরান এসব হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইরানের দাবি কুর্দিরা সবসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কাজ করে।
সংবাদমাধ্যম আলবাওবা সূত্রে জানা গেছে ইরান ও তাদের মিত্ররা কুর্দিস্তানের রাজধানী ইরবিলকে লক্ষ্য করে এ পর্যন্ত হাজার হাজার ড্রোন হামলা চালিয়েছে। এর আগে গত ১৭ জুলাই এক রক্তক্ষয়ী হামলায় ইরবিলে নয়জন প্রাণ হারিয়েছিলেন।
এই হামলার বিষয়ে প্রধানমন্ত্রী মাসরুর বারজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তে এটি নিশ্চিত হওয়া গেছে যে তার ব্যক্তিগত কার্যালয় এবং গোয়েন্দা প্রধানের বাড়িতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। তিনি এই ঘটনাকে মারাত্মক উত্তেজনা বৃদ্ধি এবং কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।
এদিকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর ওপর এই হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এক বিবৃতিতে জানিয়েছে এই হামলা ইরাক ও কুর্দিস্তানের ভৌগলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।
এনএন/ ১৮ আগস্ট ২০২৬









