রাজধানীর এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার

ঢাকা, ১৮ আগস্ট – রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় পরিত্যক্ত একটি শপিং ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে বাটা সিগনাল মোড়ের নিউমার্কেটগামী রাস্তায় এই ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু সন্দেহজনক বস্তু দেখা গেলে পুলিশে খবর দেওয়া হয়। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা করার জন্য নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগে ওই স্থানে মাস্ক পরিহিত কয়েকজন যুবক নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। তারা চলে যাওয়ার পরপরই সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে এবং বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেয়।
সংগৃহীত বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে।
এনএন/ ১৮ আগস্ট ২০২৬









