জাতীয়

১৮০ দিনে একটিও রাজনৈতিক নিপীড়ন হয়নি: মাহদী আমিন

ঢাকা, ১৭ আগস্ট – বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম ছয় মাসে দেশে একটিও রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্র শাপলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

মাহদী আমিন বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা এবং আইনের শাসন ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ মানবিকতা প্রদর্শন করা হয়েছে। উসকানি ও অশোভন আচরণের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শকে ধারণ করেই বর্তমান সরকার এগিয়ে চলছে।

বর্তমান সরকারের ১৮০ দিনের সাফল্য তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি মানুষের আস্থা প্রমাণ করে। নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাওয়া এই সরকারের একটি বড় সাফল্য। এছাড়া জাতীয় সংসদ অধিবেশন পূর্বের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত ছিল এবং সেখানে সংসদ সদস্যরা যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, এই সরকারের সবচেয়ে বড় অর্জন হলো সমাজে মানুষের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা করা। তিনি কিশোরগঞ্জ সফরের উদাহরণ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করেন এবং জনগণের সমস্যার প্রতি সর্বদা সজাগ থাকেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা ১৬ বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language