জাতীয়

বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের

কিশোরগঞ্জ, ১৬ আগস্ট – প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এখন স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি এবং কোনো বিভ্রান্তকারীর কথায় প্ররোচিত হওয়া যাবে না। তিনি বলেন, বিভ্রান্তকারীরা যদি পরিস্থিতি ঘোলাটে করতে আসে, তবে অতীতের মতো তাদের সমুচিত জবাব দিতে হবে। তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে আমরা সজাগ রয়েছি এবং তাদের কোনো অযৌক্তিক কথায় কান দেওয়া হবে না।

রোববার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক রটনাকারী রয়েছে যাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একাত্তর, ছিয়াশি বা ছিয়ানব্বই সালে তাদের ভূমিকা কী ছিল তা বিবেচনায় নিতে হবে। বিগত ১৭ বছরের আন্দোলনে রাজপথে তাদের দেখা যায়নি, অথচ আজ তারা সংস্কারের কথা বলছে। তিনি উল্লেখ করেন, ২০২২ সালে বিএনপিই প্রথম সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে পেশ করেছিল।

তারেক রহমান আরও বলেন, আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না, বরং একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই রাষ্ট্রে প্রতিটি স্তরের মানুষ তাদের মর্যাদা অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা পাবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদের ভাতার বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আধুনিক কৃষি ব্যবস্থা এবং নতুন শিল্প কারখানা স্থাপন করা হবে। নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যার অর্ধেক অংশ নারীকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না। বেগম খালেদা জিয়া নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ দিয়েছিলেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তির ব্যবস্থা করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ।

এনএন/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language