৭ এএসপিসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

ঢাকা, ১৪ আগস্ট – সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তা ও ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো সাতজন সহকারী পুলিশ সুপার হলেন র্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র্যাব ২ এর মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জের মো. রবিউল ইসলাম।
অন্যদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ৪৯ জন পুলিশ পরিদর্শককে অবসরে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয় যে এই কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত সব কর্মকর্তা নিয়মানুযায়ী সকল সুযোগ সুবিধা লাভ করবেন।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









