নরসিংদীতে সিআইডির অভিযান: অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

নরসিংদী, ১৩ আগস্ট – অনলাইনে জুয়া পরিচালনা এবং অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দীর্ঘদিন ধরে দেশি ও বিদেশি সংযোগের মাধ্যমে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছিল এই চক্রটি।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি বিশেষ দল গত মঙ্গলবার ও বুধবার নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, মো. সোহেল, মো. শফিকুল ইসলাম, মো. রুবেল মোল্ল্যা এবং আইয়ুব হোসেন রিপন। অভিযানকালে তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্টের মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এমএফএস এবং ব্যাংক হিসাব সংগ্রহ করত। এসব হিসাব ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ লেনদেন করা হতো। সংগৃহীত অর্থ থেকে নির্দিষ্ট কমিশন রেখে বাকি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাচার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
তদন্তকারী কর্মকর্তারা জানান, ফুটবল বা ক্রিকেটসহ বিভিন্ন আন্তর্জাতিক খেলাকে কেন্দ্র করে এই চক্রটি অনলাইন বেটিংয়ের আয়োজন করত। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচার করে ব্যবহারকারীদের প্রলুব্ধ করত। জুয়ায় অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের বিকাশ, নগদ বা রকেটের মতো সেবার মাধ্যমে টাকা জমা দিতে হতো। পরে সেই টাকা ডিজিটাল মুদ্রায় রূপান্তর করে পাচার করা হতো।
এই ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।
এনএন/ ১৩ আগস্ট ২০২৬









