১ নভেম্বর থেকে বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে এক হিসাব থেকে অন্য হিসাবে

ঢাকা, ১২ আগস্ট – ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সবার নাগালের মধ্যে আনতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু দোকান বা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিশোধ নয়, বাংলা কিউআর ব্যবহার করে সরাসরি একজনের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্যজনের হিসাবে টাকা পাঠানো যাবে।
আগামী ১ নভেম্বর থেকে এই নতুন সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে যে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মোবাইল অ্যাপে কিউআর তৈরি, স্ক্যান এবং গ্যালারি থেকে কিউআর কোডের ছবি আপলোডের সুবিধা যুক্ত করতে হবে। প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষে ১ নভেম্বর থেকে সর্বজনীন বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু হবে।
নতুন ব্যবস্থায় ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক একটি করে পার্সোনাল বাংলা কিউআর পাবেন। টাকা পাঠানোর সময় প্রাপককে আর দীর্ঘ ব্যাংক হিসাব নম্বর বা মোবাইল নম্বর দিতে হবে না। প্রাপক নিজের মোবাইলের স্ক্রিনে কিউআর কোড দেখাবেন এবং প্রেরক সেটি স্ক্যান করে মুহূর্তেই টাকা পাঠাতে পারবেন। এমনকি প্রাপক দূরে থাকলেও তার পাঠানো কিউআর কোডের ছবি ব্যবহার করে সরাসরি লেনদেন সম্পন্ন করা যাবে।
সংশ্লিষ্টরা বলছেন যে কিউআর স্ক্যান করার পরপরই প্রাপকের নাম ও হিসাব নম্বর স্ক্রিনে প্রদর্শিত হবে যা ভুল হিসাবে অর্থ পাঠানোর ঝুঁকি কমাবে। জালিয়াতি ঠেকাতে এতে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার প্রযুক্তি ও ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আলাদা মার্চেন্ট হিসাব ছাড়াই ডিজিটালভাবে অর্থ গ্রহণ করতে পারবেন যা দেশে ক্যাশলেস লেনদেন প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনএন/ ১২ আগস্ট ২০২৬









