জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি

ঢাকা, ১১ আগস্ট – রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন। আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল তিনটায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং বা আইন প্রণয়ন শাখা ১ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ১৪৩৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ খ্রিস্টাব্দের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত রাষ্ট্রপতির এই আদেশটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১১ আগস্ট ২০২৬


Back to top button