আফ্রিকা

মরক্কোর রাজনীতিতে ফৌজি লেকজার উত্থান: ফুটবল থেকে সরকার গঠনের পথে

রাবাত, ১১ আগস্ট – মরক্কোয় আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। সম্প্রতি তিনি অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

সরকারি অর্থব্যবস্থাপনা ও মরক্কোর ফুটবলের আমূল পরিবর্তনে তার ভূমিকা সর্বজনস্বীকৃত। সরাসরি রাজনীতিতে নতুন হলেও প্রশাসনিক ক্ষেত্রে তার ভাবমূর্তি অত্যন্ত শক্তিশালী। বিশ্লেষকদের মতে, লেকজার রাজনীতিতে অংশগ্রহণ মরক্কোর শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

প্রখ্যাত অধ্যাপক মুস্তাফা সেহিমির মতে, ফৌজি লেকজা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হতে পারেন এবং বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের কাছ থেকে পরবর্তী সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তার। একজন দক্ষ টেকনোক্র্যাট হিসেবে তার পরিচিতি এবং ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা ভোটের মাঠে বড় প্রভাব ফেলবে।

মরক্কোর পরবর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে মরক্কো। অবকাঠামো, পরিবহন ও পর্যটন খাতে বিপুল বিনিয়োগের সম্ভাবনা থাকায় এই সরকারকে এখনই অনেকে বিশ্বকাপ সরকার হিসেবে অভিহিত করছেন।

ফৌজি লেকজার অধীনেই মরক্কোর জাতীয় ফুটবল দল ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিল। এছাড়া তার সময়েই দলটি আফ্রিকা কাপ অব নেশনসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এস এম/ ১১ আগস্ট ২০২৬


Back to top button