মধ্যপ্রাচ্য

অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না ইরান

তেহরান, ১০ আগস্ট – যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার আগে ওয়াশিংটনকে অবশ্যই তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

সেই সঙ্গে চলমান পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ বা প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সোমবার সংবাদ সম্মেলনে বাকায়ি উল্লেখ করেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটি ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনেরই অনিবার্য ফল।

তিনি বলেন, একটি নৌ পথ নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা স্বাভাবিকভাবেই এই দুই উপকূলীয় রাষ্ট্রের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বিষয়। এখানে অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ কাম্য নয়। মুখপাত্র জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়াটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনব্যবস্থা কর্তৃক ইরান ও এই জলপথের ওপর আরোপিত শর্তাবলি প্রত্যাহারের ওপর।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় এটি পুনরায় খোলার জন্য প্রয়োজনীয় পরিবেশ বিদ্যমান নেই। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাকায়ি জানান, এ ধরনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।

তবে ইরান বর্তমানে সরাসরি এ বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। আলোচনায় নৌ চলাচলের নিরাপত্তা পর্যবেক্ষণ, পরিবেশগত রক্ষা এবং সামুদ্রিক সেবা প্রদানের পদ্ধতি নিয়েও আলোকপাত করা হয়েছে। হরমুজ প্রণালীর কেন্দ্রীয় পথে মাইন অপসারণের বিষয়ে বাকায়ি ইসলামাবাদ সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই চুক্তির ৫ নম্বর ধারা লঙ্ঘন করেছে। ওই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনার দায়িত্ব ইরানকে দেওয়া হয়েছিল যার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা এবং জলপথটি মাইনমুক্ত রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও বলেন, একটি চুক্তির মাধ্যমে উত্তর ও দক্ষিণ রুটগুলোকে একটি কেন্দ্রীয় রুটে রূপান্তর করার পরিকল্পনা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে বর্তমান সংকটময় পরিস্থিতির সৃষ্টি করেছে।

এস এম/ ১০ আগস্ট ২০২৬


Back to top button