দক্ষিণ এশিয়া

ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিধানসভা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও জলকামান

রাঁচি, ১০ আগস্ট – ঝাড়খণ্ডের রাঁচিতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। আন্দোলনের ১৭তম দিনে সোমবার শিক্ষার্থীরা রাজ্য বিধানসভা ঘেরাওয়ের উদ্দেশ্যে অগ্রসর হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের রুখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখলেও শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে সোমবার সকাল থেকেই ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী বাস, ট্রেন ও অন্যান্য যানবাহনে চড়ে রাজধানীতে জড়ো হন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের প্রধান মোড়গুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে রাঁচির অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ রাখা হয়েছে এবং শহরের প্রবেশপথগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন জেপিএসসি-জেএসএসসি রিফর্ম মঞ্চের অন্যতম নেতা দেবেন্দ্র নাথ মাহাতো শান্তিপূর্ণভাবে বিধানসভায় পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন। তবে ব্যারিকেড ভাঙার চেষ্টা চললে পুলিশ কঠোর অবস্থান নেয়। এ সময় পুলিশ জলকামান ব্যবহার করলে কিছু শিক্ষার্থীকে সেই তীব্র পানির সামনেই প্রতিবাদী নৃত্য করতে দেখা যায়।

এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। সরকার শিক্ষার্থীদের দাবি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে যা ইতোমধ্যে ছয় দফা আলোচনা সম্পন্ন করেছে। তবে শিক্ষার্থীরা তাদের ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে অনড় থাকলেও সরকার মাত্র ৩টি পরীক্ষা বাতিলের বিষয়ে আশ্বাস দিয়েছে।

এছাড়া জালিয়াতির ঘটনায় সিবিআই তদন্তের দাবিতেও অনড় রয়েছেন বিক্ষোভকারীরা। গত ২৫ জুলাই থেকে জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অবস্থান কর্মসূচি চলছে এবং ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোসহ ছয়জন আমরণ অনশন পালন করছেন।

সম্প্রতি জেপিএসসি এবং জেএসএসসি-সিজিএল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করেই এই তীব্র গণআন্দোলনের সূত্রপাত হয়। ইতোমধ্যে অনিয়মের অভিযোগে সিআইডি তদন্তের মুখে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্য এবং এর আগে চেয়ারম্যান পদত্যাগ করেছেন।

এস এম/ ১০ আগস্ট ২০২৬


Back to top button