রাজশাহী

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে বড় বিপর্যয়: কমেছে পাসের হার ও জিপিএ ৫

রাজশাহী, ১০ আগস্ট – রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ ৫ পাওয়ার সংখ্যা উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে।

বোর্ডের গত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬৩.৬৭ শতাংশে। একই সঙ্গে এই বছর জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। বিগত ২০২৫ সালের ফলাফলের সাথে তুলনা করলে দেখা যায়, সে বছর পাসের হার ছিল ৭৭.৬৩ শতাংশ।

ওই বছর জিপিএ ৫ অর্জন করেছিল ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশের বেশি এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৫ হাজার ৭০০ জন। লিঙ্গভেদে ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এ বছরও ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে।

২০২৬ সালে ছাত্রীদের পাসের হার ৭০.৭৩ শতাংশ হলেও ছাত্রদের ক্ষেত্রে এই হার মাত্র ৫৭.৩৩ শতাংশ। গত বছরও ছাত্রীদের পাসের হার ছিল ৮২.০১ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ছিল ৭৩.৬৪ শতাংশ। অন্যদিকে, শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাতেও বড় ধস নেমেছে।

২০২৬ সালে রাজশাহী বোর্ডের অধীনে মাত্র ৩৫টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৯৯টি। এর আগে ২০২৪ সালে ২৮৯টি এবং ২০২৩ সালে ১৭৮টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। ধারাবাহিকভাবে কমে আসা এই পরিসংখ্যান নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

এস এম/ ১০ আগস্ট ২০২৬


Back to top button