ইয়েমেনের আল-মাখায় হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

সানা, ১০ আগস্ট – ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় বন্দরনগরী আল-মাখায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে সর্বশেষ এই হামলায় নিহতদের মধ্যে চারজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। আহতদের অধিকাংশ প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হামলায় শহরের বেসামরিক স্থাপনা, অবকাঠামো, আবাসিক এলাকা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সামরিক অবস্থানগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল।
হামলার সময় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। এছাড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়ে সাগরে পতিত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে সৌদি সেনাদের অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।
হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহতে হামলার সময়কার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের দৃশ্য সম্প্রচার করা হয়। এর আগে গত রবিবার আল-মাখা শহর ও এর বাণিজ্যিক বন্দরে হুতিদের পৃথক হামলায় অন্তত ১১ জন নিহত হন। ওই ঘটনায় আটজন সেনা সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারান এবং আহত হন আরও ৩২ জন।
সেই হামলায় আল-মাখা বন্দরের ভবন ও বাণিজ্যিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, বন্দরের অবকাঠামো ছাড়াও সেখানে থাকা বিভিন্ন পণ্য ও খাদ্যসামগ্রীরও ক্ষতি হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনী আরও জানিয়েছে যে বাণিজ্যিক বন্দরের দিকে অগ্রসর হওয়া একটি বিস্ফোরকবোঝাই চালকবিহীন নৌযান তারা শনাক্ত করে ধ্বংস করেছে।
এস এম/ ১০ আগস্ট ২০২৬







