৪ দিনের সফরে আজ সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঢাকা, ৯ আগস্ট – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোববার চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। গত ফেব্রুয়ারি মাসে নতুন সরকার গঠিত হওয়ার পর এটিই মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সিঙ্গাপুর সফর।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এছাড়া তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করার কথা রয়েছে।
বর্তমানে সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। দেশের অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সেখানে রেমিট্যান্স সম্মাননা ২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ব্যবস্থাপনা, প্রযুক্তি এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এনএন/ ৯ আগস্ট ২০২৬









