শীর্ষ ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকার শীর্ষে শাহরুখ খান, নারী তারকাদের মধ্যে শীর্ষে আলিয়া

মুম্বাই, ৭ আগস্ট – গত বছরে প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটি ব্র্যান্ড হিসেবে নিজের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন শাহরুখ খান। আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ক্রোল এর ২০২৫ সালের সেলিব্রেটি ব্র্যান্ড ভ্যালুয়েশন প্রতিবেদন অনুযায়ী, ১৭৭.৯ মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে তালিকার সবার উপরে রয়েছেন এই বলিউড মেগাস্টার।
তার ঠিক পরেই ১৬২.৯ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রণবীর সিং। নারী অভিনয়শিল্পীদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন আলিয়া ভাট। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষ ২৫ জন তারকার সম্মিলিত ব্র্যান্ড মূল্য এবার রেকর্ড ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ডিজিটাল মিডিয়ার ক্রমবর্ধমান প্রভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উপস্থিতির কারণে তারকাদের ব্র্যান্ড ভ্যালু জ্যামিতিক হারে বাড়ছে। আগে তারকাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ অনলাইন বিজ্ঞাপন থেকে আসলেও বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৬০ থেকে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে।
মূলত ডিজিটাল মাধ্যমে শক্তিশালী অবস্থান এবং বিশ্বজুড়ে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিয়মিত অংশগ্রহণের কারণেই শাহরুখ খান নিজের শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন। এছাড়া আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যবসায়িক সাফল্য তার এই আর্থিক প্রভাবে বড় ভূমিকা রেখেছে।
এদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা রণবীর সিংয়ের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে তার অভিনীত সিনেমা ধুরন্ধর এর বক্স অফিস সাফল্য বড় ভূমিকা রেখেছে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১,৩৫০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে। তালিকায় ক্রিকেটারদের দাপটও ছিল উল্লেখযোগ্য।
৩, ৪ এবং ৫ নম্বর অবস্থানে রয়েছেন যথাক্রমে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি। বলিউড অভিনেত্রীদের মধ্যে সবাইকে পেছনে ফেলে তালিকার ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। ৮৯.৪ মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে তিনি নারী তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন। তার পরপরই ৭ম স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন।
বিজ্ঞাপনী চুক্তি এবং ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগের কল্যাণে তার ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ৮৯.২ মিলিয়ন ডলারে। তালিকায় ৮ম স্থানে রয়েছেন হৃতিক রোশন। অন্যদিকে ৮৩ বছর বয়সেও নবম স্থানে নিজের অবস্থান ধরে রেখেছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। যৌথভাবে ১০ম স্থানে রয়েছেন অক্ষয় কুমার ও রণবীর কাপুর।
এছাড়া দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ১২তম এবং সালমান খান ১৩তম স্থানে রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ১৪তম অবস্থানে। তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছেন কারিনা কাপুর খান, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, কৃতি শ্যানন, অনন্যা পাণ্ডে এবং জসপ্রীত বুমরাহ। তালিকার শেষাংশে জায়গা করে নিয়েছেন সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া, জাহ্নবী কাপুর, শ্রদ্ধা কাপুর এবং আনুশকা শর্মা।
এস এম/ ৭ আগস্ট ২০২৬









