জাতীয়

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

ঢাকা, ৬ আগস্ট – পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী ১৬ আগস্ট দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ১ কোটি ৬০ লাখ পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। তথ্য নিয়মিত হালনাগাদ করার মাধ্যমে প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে।

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। পরবর্তীতে অক্টোবর মাসের শেষ নাগাদ দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

সমাজকল্যাণমন্ত্রী জানান যে ৪ বছরের মধ্যে ১ কোটি ৬০ লাখ পরিবারকে এর আওতায় আনার লক্ষ্য থাকলেও তথ্য মূল্যায়নের ভিত্তিতে এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন যে ফ্যামিলি কার্ড একটি গতিশীল সামাজিক নিবন্ধন বা ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।

মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে মিল রেখে তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে যাতে করে প্রকৃত অভাবী মানুষরা তালিকা থেকে বাদ না পড়েন। কেউ দরিদ্র অবস্থা থেকে বেরিয়ে এলে যেমন তালিকায় পরিবর্তন আসবে তেমনি নতুন করে কেউ দারিদ্র্যের শিকার হলেও তা নিবন্ধনে যুক্ত হবে।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন যে এই কর্মসূচিতে ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে অন্তর্ভুক্তিমূলক নীতিতে কাজ করা হবে। বিশেষ করে পরিবারের নারী সদস্যদের হাতে এই সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে করে শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় এই অর্থ বেশি কাজে লাগবে যা গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

মাঠ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে তিন স্তরের তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। ইউনিয়নের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকদের নেতৃত্বে পৃথক কমিটি কাজ করবে। একই সঙ্গে কোনো ব্যক্তি যেন একাধিক সরকারি সুবিধা নিতে না পারেন সেটিও নিশ্চিত করবে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়।

এনএন/ ৬ আগস্ট ২০২৬


Back to top button