আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং, ৬ আগস্ট – উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলীয় জলসীমার অভিমুখে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এটি চলতি বছরে উত্তর কোরিয়ার ধারাবাহিক অস্ত্র পরীক্ষার সর্বশেষ ঘটনা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাদের নজরদারি ব্যবস্থা আরও জোরদার করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে তারা যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে তারা জানিয়েছে যে, এই ক্ষেপণাস্ত্র জাপানের ভূখণ্ড বা জলসীমায় কোনো প্রভাব ফেলেনি। ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণে ব্যাপক মনোযোগী হয়েছে।
বিশ্লেষকদের মতে, কিম জং উন উত্তর কোরিয়াকে আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এর মাধ্যমে তিনি দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আরও জোরালোভাবে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন।
সম্প্রতি উত্তর কোরিয়া তাদের নৌ সক্ষমতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ এবং পানির নিচ থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটি। এছাড়া রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এশীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এস এম/ ৬ আগস্ট ২০২৬









