লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের পণ্যবাহী জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার

সানা, ৫ আগস্ট – ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ উল্টে গিয়ে সাগরে নিমজ্জিত হয়েছে। মঙ্গলবার সংঘটিত এই ঘটনায় জাহাজটিতে থাকা ১৪ জন ক্রু সদস্যের সবাইকে উদ্ধার করেছে ইয়েমেনি বাহিনী।
উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক রয়েছেন। তাদের সবাইকে উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এমএসভি ফাইজে নূরে অলিয়া নামের জাহাজটি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়।
হুতি বিরোধী ইয়েমেনি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে যে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ভারতের বন্দর ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সানোয়াল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে ক্ষেপণাস্ত্র হামলার কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উদ্ধারকৃত নাবিকদের ইয়েমেনের মোখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে রিয়াদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাবিকদের নিরাপত্তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর এই হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে ভারত।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে হুতিদের বিভিন্ন কার্যক্রমের ফলে বাব আল মান্দেব প্রণালিতে পণ্য পরিবহন ও জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
এনএন/ ৫ আগস্ট ২০২৬









