দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ৪ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের পাশাপাশি যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বছরপূর্তি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
সরকারপ্রধান তার বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পথ পেরিয়ে এখন সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার। বর্তমান সময়টি দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তাদের কার্যক্রমের ওপর সজাগ দৃষ্টি রাখা এবং জনগণকে সতর্ক করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, জনগণের জন্য যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মানুষ এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। রাজপথে শান্তি রক্ষা, মানসম্মত শিক্ষা, চিকিৎসা সেবা এবং নিরাপত্তার নিশ্চয়তা বিধান করাই এখন মূল লক্ষ্য। এছাড়া যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য পরিচালনার সুযোগ সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ তাদের রাজনৈতিক অধিকার যেন সঠিক সময়ে প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এনএন/ ৪ আগস্ট ২০২৬









