মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি: ৩ বাংলাদেশি নিহত, আটক ১

কুয়ালালামপুর, ৪ আগস্ট – মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের জেরে মারামারিতে তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে সোমবার বিকেলে পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে।
নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, মারামারির ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে বেশ কয়েকজনের মধ্যে সংঘর্ষের খবর পায় স্থানীয় লিঙ্গি থানা পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং তল্লাশি চালিয়ে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের শরীরে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, হতাহত এবং অভিযুক্ত ব্যক্তিরা সবাই একই কর্মস্থলে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নিতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
আহত ব্যক্তি বর্তমানে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনএন/ ৪ আগস্ট ২০২৬









