জাতীয়

জামায়াতের মাস্টারমাইন্ড দাবি জুলাই শহীদদের সঙ্গে প্রহসন: রাশেদ খাঁন

ঢাকা, ৩ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে নিজেদের দাবি করাকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদদের সঙ্গে এক ধরনের প্রহসন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, যারা বছরের পর বছর মগবাজারে নিজেদের অফিসের তালা খুলতে সক্ষম হয়নি, তারা এখন আন্দোলনের কৃতিত্ব নিতে চাইছে।

সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। রাশেদ খাঁন তার বক্তব্যে আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়া আন্দোলনের পুরো সময়জুড়ে খাবার সরবরাহ থেকে শুরু করে সবকিছুর তত্ত্বাবধানে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। বিএনপি এই আন্দোলনে শুরু থেকেই যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করেছে বলে তিনি দাবি করেন। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বিএনপি এই দাবিতে এখনও অনড় অবস্থানে রয়েছে।

তিনি অভিযোগ করেন যে অন্তর্বর্তী সরকার এই সনদ নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, গণভোটের নামে তারা যে মিথ্যাচার শুরু করেছে তাতে সাধারণ মানুষ কোনোভাবে সাড়া দেয়নি। বরং তারা এখন জুলাই সনদ ও গণভোটের বিষয়গুলো সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button