শিক্ষা

মাদরাসার সব অ্যাডহক কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের নির্দেশ

ঢাকা, ২ আগস্ট – দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধি অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বর্তমান অ্যাডহক কমিটিগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয় যে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাইয়ের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়মানুযায়ী অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন প্রতিষ্ঠান প্রধান। শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা নবম গ্রেড বা তার ওপরের পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এই প্যানেল তৈরি করতে হবে।

সিটি করপোরেশন এলাকার মাদরাসার ক্ষেত্রে এই প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এনএন/ ২ আগস্ট ২০২৬


Back to top button