মোদী সরকারের প্রশংসাকারী তারকারা কেন দুবাইয়ে থাকেন: প্রশ্ন রাজ ঠাকরের

মুম্বাই, ২ আগস্ট – মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে ভারতের প্রখ্যাত অভিনেতা ও ব্যবসায়ীদের দুবাইয়ে বসবাস নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শনিবার মুম্বাইতে দলীয় ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে তিনি অভিনেতা বিবেক ওবেরয় এবং আর মাধবনের নাম সরাসরি উল্লেখ করে প্রশ্ন তোলেন।
রাজ ঠাকরে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি ভারতের পরিস্থিতি এবং উন্নয়ন এতই চমৎকার হয়ে থাকে তবে এই তারকারা কেন দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমাচ্ছেন। তিনি বিশেষ করে বিবেক ওবেরয় ও আর মাধবনের মোদী বন্দনা এবং পরবর্তীকালে দুবাইয়ে বসতি স্থাপনের বিষয়টিকে কটাক্ষ করেন।
রাজ ঠাকরে অভিযোগ করেন যে দেশের হাজার হাজার শিল্পপতি তল্পিতল্পা গুটিয়ে চলে গেছেন এবং তারকারাও সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি সিনেমায় কাজ শেষ করে বিদেশে ফিরে যাচ্ছেন। ২০১৯ সালে মোদীর বায়োপিকে অভিনয় করা বিবেক ওবেরয়ের নাম উল্লেখ করে তিনি বলেন যে মোদীর প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতারা কেন পরিবার নিয়ে পরদেশে বাস করছেন।
অবশ্য এর আগে আর মাধবন জানিয়েছিলেন যে ছেলের সাঁতারের প্রশিক্ষণের সুবিধার্থে তিনি দুবাইয়ে অবস্থান করছেন এবং বিবেক ওবেরয় ব্যবসার খাতিরে সেখানে স্থায়ী হয়েছেন।
অনুষ্ঠানে রাজ ঠাকরে দিল্লির যন্তর মন্তরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবহৃত কুরুচিপূর্ণ ভাষার নিন্দা জানানোর পাশাপাশি বিজেপির ট্রল বাহিনীরও সমালোচনা করেন। তিনি বলেন যে বিজেপির সমর্থকরাও মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর মতো আইকনদের লক্ষ্যবস্তু বানায় যা একেবারেই অনুচিত।
এস এম/ ২ আগস্ট ২০২৬









