ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করলেন সৌদি যুবরাজ

রিয়াদ, ২ আগস্ট – ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক হামলা পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
উত্তপ্ত ভূ-রাজনীতি পরিস্থিতির মধ্যে উত্তেজনা নিরসনের পাশাপাশি যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য তিনি ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে গত শনিবার দুই নেতার মধ্যে এক ফোনালাপ অনুষ্ঠিত হয় যেখানে যুবরাজ সালমান কথিত ওই হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সৌদি পক্ষ মূলত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আগ্রহী।
অন্য একটি সূত্র জানিয়েছে যুবরাজ সালমান পরিস্থিতি শান্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এর আগে ট্রাম্প ইরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপকালে হুঁশিয়ারি দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তেহরান সুনির্দিষ্ট ও আনুপাতিক জবাব প্রদান করবে। তবে এই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস বা সৌদি দূতাবাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এস এম/ ২ আগস্ট ২০২৬









