রাশিয়ায় মানবশরীরে ক্যানসার টিকার সফল প্রয়োগ, আশাবাদী বিজ্ঞানীরা

বিশ্বজুড়ে আতঙ্কের অপর নাম ক্যানসার নির্মূলে নতুন আশার আলো দেখাচ্ছে রাশিয়ার বিজ্ঞানীদের উদ্ভাবিত বিশেষ টিকা। মানবশরীরে প্রথমবারের মতো প্রয়োগের পর ক্যানসার আক্রান্ত এক রোগীর মধ্যে অত্যন্ত ইতিবাচক প্রভাব দেখা গেছে। গবেষকদের দাবি, টিকা গ্রহণের পর ওই ব্যক্তি বর্তমানে সুস্থ রয়েছেন এবং তার শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।
দেশটির গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট এই অভিনব টিকাটি প্রস্তুত করেছে। প্রতিষ্ঠানটির প্রধান গবেষক আলেকজান্ডার গিনজবার্গ জানান, যে রোগীর শরীরে এই টিকাটি প্রয়োগ করা হয়েছিল তিনি এখন সম্পূর্ণ স্বাভাবিক। তার দেহে এমন কিছু সক্রিয় উপাদান তৈরি হয়েছে যা টিউমার এবং এর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখছে। টিকার প্রথম দফার প্রয়োগ থেকে পাওয়া ফলাফল বিজ্ঞানীদের ব্যাপকভাবে আশাবাদী করে তুলেছে।
গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ক্যানসার চিকিৎসায় নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত দুটি পদ্ধতির অনুমোদন দেয়। এর মধ্যে একটি হলো উন্নত পর্যায়ের মেলানোমা বা ত্বকের ক্যানসারের জন্য তৈরি এমআরএনএ ভিত্তিক টিকা নিওঅনকোভ্যাক। অন্যটি হলো কোলন ক্যানসারের চিকিৎসার জন্য ব্যবহৃত পেপটাইড ভিত্তিক ওষুধ অনকোপেপ্ট।
চলতি বছরের এপ্রিলে ৬০ বছর বয়সী এক ব্যক্তির দেহে প্রথমবারের মতো নিওঅনকোভ্যাক টিকাটি প্রয়োগ করা হয়। তিনি মেলানোমা ক্যানসারের তৃতীয় পর্যায়ে ছিলেন এবং তার শরীরে দ্রুত রোগটি ছড়িয়ে পড়ছিল। বর্তমানে তিনি মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং তার রোগপ্রতিরোধ ক্ষমতার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া আরও ১০ জন ক্যানসার আক্রান্ত রোগীর জন্য পৃথকভাবে টিকা তৈরির প্রক্রিয়া চলছে যা আগামী কয়েক মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
এনএন/ ১ আগস্ট ২০২৬









