পশ্চিমবঙ্গ

শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ, বর্ধমানে গ্রেপ্তার ১

কলকাতা, ৩১ জুলাই – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে বর্ধমান জেলার রেনেসাঁ হাউজিং এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি জইশ ই মোহাম্মদের শাখা সংগঠন হামিল সাজ্জাদ ভাট গ্রুপের একজন সক্রিয় সদস্য।

অভিযান পরিচালনাকারী দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে আটটার দিকে ওই আবাসন এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় বাড়ির ভেতর থাকা অপর একজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে পলাতক ব্যক্তিকে ধরতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

গ্রেপ্তারকৃত হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকল, সফরসূচি এবং ভিআইপি মুভমেন্ট সংক্রান্ত অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর নথিপত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর গাড়ির তথ্য ও চালকের পরিচয়ও অন্তর্ভুক্ত ছিল।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি অনুযায়ী, হামিদ মণ্ডল পাকিস্তানে প্রশিক্ষণ গ্রহণের পর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিলেন। তিনি কাশ্মীরে বসে মুখ্যমন্ত্রীর অবস্থান সংক্রান্ত তথ্য আদান প্রদান করতেন বলে অভিযোগ রয়েছে। বর্ধমানে আসার আগে তিনি হাওড়ার পিলখানা এলাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন, এটি জাতীয় নিরাপত্তার একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এখনই এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও জানান যে, এই জঙ্গি গোষ্ঠীর নজরদারিতে রাজ্যের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন।

শনিবার এই বিষয়ে এসটিএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button