ফিফা সভাপতির বাণিজ্যিক পরিকল্পনার প্রতিবাদে জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ

ওয়াশিংটন, ৩১ জুলাই – ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কলডেরো। সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার অন্যান্য টুর্নামেন্টের অংশীদারিত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দেয় ফিফা। এই ঘোষণার পর থেকেই ফুটবল বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শুক্রবার কলডেরোর পদত্যাগের মাধ্যমে ইনফান্তিনোর এই পরিকল্পনা বড় ধরনের হোঁচট খেল বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এই ফুটবল কর্মকর্তার মতে, এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা ফুটবলের জন্য একটি অত্যন্ত ক্ষতিকর চুক্তি হিসেবে গণ্য হবে। ফিফার ভবিষ্যৎ কাঠামো গঠনে সহায়তার জন্য ২০২১ সালে কার্লোস কলডেরোকে নিয়োগ দিয়েছিলেন ইনফান্তিনো।
পদত্যাগের সময় কলডেরো বলেন, বিষয়গুলো যথাযথভাবে যাচাই না করেই ফুটবলের ভবিষ্যৎকে বন্ধক রাখা হচ্ছে। এটি ফিফার সদস্য দেশগুলোর পাশাপাশি দীর্ঘমেয়াদে এই খেলার জন্য একটি মন্দ চুক্তি হবে।
সাবেক এই ব্যাংকার এবং যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের সাবেক সহ সভাপতি আরও জানান, তিনি এই প্রস্তাবের সাথে কোনোভাবেই যুক্ত নন এবং বিষয়টি জানার পর থেকেই এর তীব্র বিরোধিতা করেছেন। বিতর্কিত এই পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহায়ক সংস্থা গঠন করার কথা ছিল। সেখানে বহিরাগত বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হয়। এই কার্যক্রম তদারকির জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই নামক একটি সংস্থা প্রতিষ্ঠার কথা ছিল। এর নিয়ন্ত্রণ ফিফার হাতে থাকলেও ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের জন্য কিছু শেয়ার বিক্রির পরিকল্পনা নেওয়া হয়। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই উয়েফা এর তীব্র বিরোধিতা শুরু করে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এক জরুরি বৈঠকে এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। উয়েফা জানিয়েছে, ফিফা যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে তাদের জাতীয় দলগুলো ফিফার কোনো টুর্নামেন্টে অংশ নেবে না। পাশাপাশি কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে। বিশেষ করে অংশীজনদের সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এএফসি।
তবে ফিফা তাদের অবস্থানে অনড় রয়েছে এবং অভিযোগ করেছে যে গণমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে।
এনএন/ ৩১ জুলাই ২০২৬









