দক্ষিণ এশিয়া

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য: তরুণীর বিরুদ্ধে মামলা

নয়া দিল্লি, ৩১ জুলাই – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রুচিকা সিং নামের এক তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

গত ২৩ জুলাই নতুন দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে অনুষ্ঠিত ওই আন্দোলনে ২৫ বছর বয়সী রুচিকা অংশ নিয়েছিলেন। অভিযোগকারীর দাবি, ওই তরুণীর বক্তব্য প্রধানমন্ত্রীর পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সমাজে অস্থিরতা তৈরি করতে পারে।

এই ঘটনায় প্রথমে নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় একটি জিরো এফআইআর নথিভুক্ত করা হয়। পরবর্তী তদন্তের জন্য মামলাটি বর্তমানে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পাঠানো হয়েছে।

ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ঘটনার প্রতিক্রিয়ায় বলেন যে বিক্ষোভকারীর ভাষা হয়তো যথাযথ ছিল না কিন্তু এই পরিস্থিতিতে প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ তরুণদের স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে পারে।

তিনি তরুণদের প্রতিবাদের সময় সচেতন হওয়ার আহ্বান জানান। অন্যদিকে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদ বলেছেন যে সরকার শিক্ষার্থীদের পাশে রয়েছে তবে আন্দোলনের নামে সহিংসতা বা অপরাধমূলক উসকানি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ৩১ জুলাই ২০২৬


Back to top button