গাজায় শান্তি ফেরাতে হামাসকে নিরস্ত্রীকরণের ঘোষণা দিলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৩১ জুলাই – ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসসহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নিরস্ত্র করতে একটি ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই চুক্তিকে গাজায় দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে এই চুক্তিটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এই প্রক্রিয়ার অধীনে হামাসকে নিরস্ত্রীকরণ করার পাশাপাশি ইসরায়েলি সেনারা গাজা থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। পরবর্তীতে একটি নতুন ফিলিস্তিনি সরকার গাজার শাসনভার গ্রহণ করবে।
আইনশৃঙ্খলা রক্ষায় নবগঠিত ফিলিস্তিনি পুলিশের সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী কাজ করবে বলে জানানো হয়েছে। ট্রাম্প বলেন, গাজাকে আর কখনো সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না এবং ৭ অক্টোবরের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করা হবে।
এই মধ্যস্থতা প্রক্রিয়ায় সহায়তার জন্য তিনি মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান। মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অব পিস এর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো গাজাকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত করে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা নামক একটি সংস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা।
তবে এই ঘোষণাকে ঐতিহাসিক বলা হলেও ইসরায়েলি ও পশ্চিমা কূটনীতিকদের মধ্যে সংশয় লক্ষ্য করা গেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এই চুক্তিতে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া নিরস্ত্রীকরণের কিছু পূর্বশর্ত মানা হয়নি। ট্রাম্পের এই ঘোষণার পর হামাস আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সম্মতি থাকা চুক্তির একটি অনুলিপি তাদের হাতে পৌঁছেছে। দীর্ঘ প্রায় এক বছর যুদ্ধবিরতির প্রচেষ্টার পর এই নতুন অগ্রগতি সামনে এলো।
এস এম/ ৩১ জুলাই ২০২৬









