ফুটবল

রিয়াল মাদ্রিদে দলবদল নাটক: মরিনিয়োর চ্যালেঞ্জ ও স্কোয়াড পুনর্গঠন

মাদ্রিদ, ২৯ জুলাই – রিয়াল মাদ্রিদে নতুন কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই দল পুনর্গঠনে ব্যাপক তৎপরতা শুরু করেছেন হোসে মরিনিয়ো। বার্নার্দো সিলভা, মার্ক কুকুরেয়া, ডেঞ্জেল ডামফ্রিস এবং ইব্রাহিমা কোনাতেকে দলে ভেড়ানোর পর ইয়ান দিওমান্দের অন্তর্ভুক্তিও প্রায় নিশ্চিত।

তবে এমন শক্তিশালী স্কোয়াড তৈরির পাশাপাশি এখন খেলোয়াড় বিক্রির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে স্প্যানিশ এই ক্লাবটি। নতুন মৌসুমের পরিকল্পনা বাস্তবায়নে কয়েকজন পরিচিত খেলোয়াড়কে ক্লাব ছাড়তে হতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর বিদায়ের সম্ভাবনা প্রবল।

কঠোর পরিশ্রম করলেও তার ভবিষ্যৎ এখন কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে নিয়েও জল্পনা চলছে। ইংল্যান্ডের কয়েকটি ক্লাব ফরাসি এই ফুটবলারকে পেতে আগ্রহী। তাকে বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে স্প্যানিশ তারকা রদ্রিকে দলে আনার পরিকল্পনা করছে রিয়াল।

যদিও কামাভিঙ্গার সাথে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি রয়েছে, তবে গত মৌসুমে তার ফর্ম এবং জাতীয় দলে অনিয়মিত হওয়া তার গুরুত্ব কিছুটা কমিয়ে দিয়েছে। অন্যদিকে, তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া প্রাক মৌসুমে দুর্দান্ত খেলে মরিনিয়োর মন জয় করেছেন। আগে তার ক্লাব ছাড়ার কথা থাকলেও এখন কোচ তাকে পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছেন।

গার্সিয়ার এই উত্থান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিকের ওপর প্রভাব ফেলতে পারে। নিয়মিত খেলার সুযোগ নিশ্চিত করতে এন্দ্রিককে ধারে অন্য ক্লাবে পাঠানো হতে পারে। একই পরিস্থিতি তৈরি হয়েছে আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে নিয়েও। অনুশীলনে ভালো করলেও তাকে অভিজ্ঞ করতে ধারের পথ বেছে নিতে পারে রিয়াল মাদ্রিদ।

এস এম/ ২৯ জুলাই ২০২৬


Back to top button