দক্ষিণ এশিয়া

ভারত ২০৩৫ সালের মধ্যে ২০০ যুদ্ধজাহাজ গড়তে চায় চীন-পাকিস্তানকে মোকাবিলায়

নয়া দিল্লি, ২৮ জুলাই – চীনের দ্রুত বিস্তারমান নৌবাহিনী এবং পাকিস্তানের বহরে বেইজিংয়ের তৈরি আধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ যুক্ত হওয়ার বিষয়টিকে মাথায় রেখে ভারত আগামী এক দশকের মধ্যে যুদ্ধজাহাজের সংখ্যা ২০০-তে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ভারত মহাসাগরকে ঘিরে দিল্লির এই কৌশলগত পরিকল্পনা মূলত আঞ্চলিক নিরাপত্তা এবং নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখার অংশ। সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্টেলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরি এবং ডুবোজাহাজ ধ্বংসকারী যুদ্ধজাহাজ আইএনএস মালভান যুক্ত করা হয়েছে।

একে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নৌবহর সম্প্রসারণের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আইএনএস মহেন্দ্রগিরির নকশা করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এবং নির্মাণ করেছে মাজাগন ডক শিপবিল্ডার্স। জাহাজটি নির্মাণে প্রায় ৭৫ শতাংশ দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

এই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের নীতির একটি সফল প্রয়োগ। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর বহরে প্রায় ১৫০টি জাহাজ রয়েছে যার মধ্যে ১৩৫টিই হলো সম্মুখসারির যুদ্ধজাহাজ। এছাড়া আরও প্রায় ৫০টি জাহাজ নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

সাবেক রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় মিশ্র মনে করেন বিনিয়োগ এবং সহযোগিতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে ২০০ জাহাজের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তবে ভারতের এই উচ্চাভিলাষী পরিকল্পনার সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিশেষায়িত ইস্পাত এবং কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য দেশটিকে এখনও বিদেশের ওপর নির্ভর করতে হয়।

এছাড়া অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং পুরোনো অবকাঠামো এই লক্ষ্য অর্জনে কিছুটা বাধা হতে পারে। ভারত ২০৪৭ সালের মধ্যে জাহাজ নির্মাণ শিল্পে শতভাগ আত্মনির্ভরশীলতা অর্জনের দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করছে।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button