চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর ইন্তেকাল

চাঁদপুর, ২৬ জুলাই – চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মাহবুব আনোয়ার বাবলু মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দলীয় সূত্র থেকে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সেখানে কেবিনে চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন স্তরের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ জানিয়েছেন যে রবিবার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে পৌর কবরস্থানে দাফন করা হবে।
এস এম/ ২৬ জুলাই ২০২৬









