দক্ষিণ এশিয়া

মোদীর জেদের পরাজয়, একে গণতন্ত্রের বড় জয় বলছে দেশটির বিরোধী দলগুলো

নয়া দিল্লি, ২৫ জুলাই – শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও নিট কেলেঙ্কারির অভিযোগে ভারতজুড়ে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো এই পদত্যাগকে ভারতের তরুণ সমাজ ও গণতন্ত্রের বিরাট বিজয় হিসেবে অভিহিত করেছে।

আম আদমি পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের দীর্ঘ সংগ্রামের ফলেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একটি ভিডিও বার্তায় আন্দোলনকারী তরুণদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, ভারতের তরুণ সমাজ ও বর্তমান প্রজন্মের নিরলস লড়াইয়ের ফলে শিক্ষামন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন। কেজরিওয়াল আরও উল্লেখ করেন যে, জনগণের স্বরের সামনে সরকারের অহংকার চূর্ণ হয়েছে। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই পদত্যাগকে কোটি কোটি শিক্ষার্থীর রাজপথের লড়াইয়ের সাফল্য হিসেবে বর্ণনা করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, ভারতের শিক্ষার্থীদের সম্মিলিত ক্ষোভ অবশেষে কেন্দ্রীয় ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছে। একে সত্যের জয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একগুঁয়েমির পরাজয় বলেও দাবি করেন তিনি। খাড়গে আন্দোলনকারীদের ওপর পুলিশি বলপ্রয়োগের ঘটনার নিন্দা জানিয়ে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুদা গণমাধ্যমকে জানান, এই সিদ্ধান্ত আরও অনেক আগেই নেওয়া প্রয়োজন ছিল। তিনি মনে করেন, দেরিতে হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইতিবাচক, তবে এর ফলে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। দেশের তরুণরা বর্তমান পরীক্ষাব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের আনুষ্ঠানিক বক্তব্যে জানিয়েছে যে, রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষাব্যবস্থা পুরোপুরি দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ও সংসদ উভয় জায়গাতেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button