জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

ঢাকা, ২৫ জুলাই – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এখন থেকে এই জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয় যে ১১ দলীয় ঐক্যটি মূলত ছিল একটি নির্বাচনি সমঝোতা। নির্বাচন সমাপ্ত হওয়ার মধ্য দিয়ে এই ঐক্যের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা শেষ হয়ে গেছে।
যদিও নির্বাচনের পর কিছু কর্মসূচিতে দলটি অংশ নিয়েছিল তবে এখন থেকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে বড় কোনো জাতীয় বা ইসলামী স্বার্থে বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে গত ১৩ জুন চট্টগ্রামে জোটের বিভাগীয় সমাবেশের পর থেকেই খেলাফত মজলিস জোটের ব্যানার বা প্রচারণায় তাদের নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এই অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৫ জুলাই ২০২৬









